
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলটির দাবি, ভিডিওটি পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামায়াতের গঠনতন্ত্রের ৬২(২খ) ধারায় বলা হয়েছে, কোনো রুকনের (সদস্যের) কর্মকাণ্ডে দলের নৈতিক প্রভাব বা মর্যাদা ক্ষুণ্ন হলে তাঁকে বহিষ্কার করা যেতে পারে। এছাড়া ৬৩(৩) ধারা অনুযায়ী, জেলা বা মহানগর আমির সংশ্লিষ্ট মজলিসে শূরার সিদ্ধান্ত কেন্দ্রীয় আমিরের কাছে পাঠাবেন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে আমির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করেই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। জামায়াতের অনেক নেতাকর্মীও প্রকাশ্যে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করলে তা দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা ব্যাখ্যার আড়ালে তাঁকে রক্ষা না করে অল্প সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জামায়াত নিজেদের সাংগঠনিক জবাবদিহি ও শৃঙ্খলার বার্তা দিয়েছে। একই সঙ্গে এটি দলের অন্যান্য নেতা-কর্মীদের কাছেও স্পষ্ট বার্তা যে, নৈতিকতার প্রশ্নে দলীয় অবস্থান থেকে বিচ্যুতির সুযোগ নেই।
এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেছেন, দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে কোনো ব্যক্তি, পদ বা পরিচয়ের ভিত্তিতে ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ড প্রমাণিত হলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি বলেন, মানুষের সমাজে ভুল-ত্রুটি ও পদস্খলন থাকবেই। শুধুমাত্র সম্পূর্ণ নির্ভুল মানুষের সমন্বয়ে কোনো দল গড়ে ওঠে না। তাই এসব বাস্তবতা মোকাবিলা করেই রাজনৈতিক দলগুলোকে এগিয়ে যেতে হয়। তাঁর মতে, জামায়াতও এর ব্যতিক্রম নয়; বরং রাজনৈতিকভাবে আরও প্রভাবশালী হওয়ার সঙ্গে সঙ্গে এমন চ্যালেঞ্জ বাড়ার আশঙ্কাও থাকে।
ড. গালিব মনে করেন, এ ধরনের ঘটনা ইসলামী রাজনীতি করা ব্যক্তিদের জন্য আত্মসমালোচনারও সুযোগ তৈরি করে। যারা অন্যদের নৈতিক বিচ্যুতি নিয়ে কঠোর সমালোচনা করেন, তাদের উচিত নিজের আচরণেও একই মানদণ্ড প্রয়োগ করা। ইসলামে ব্যক্তিগত গোপনীয়তা ও মানুষের সম্মান রক্ষার যে শিক্ষা রয়েছে, তা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তাই অন্যের ভুলের বিচারক হওয়ার পরিবর্তে নিজের আত্মশুদ্ধি, তওবা ও নৈতিক উন্নতির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
একই সঙ্গে তিনি দলীয় শৃঙ্খলার প্রশ্নে আপসহীন অবস্থানের ওপর জোর দেন। তাঁর ভাষ্য, যে কোনো ব্যক্তি অপরাধ করতে পারেন, কিন্তু অভিযোগ প্রমাণিত হলে কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া উচিত নয়। কারণ নেতা-কর্মীরা যদি বুঝতে পারেন যে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মিললে রাজনৈতিক ও সাংগঠনিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি অনেকটাই কমে আসবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমপি গাজী মো. নজরুল ইসলামকে বহিষ্কারের মাধ্যমে জামায়াত একটি তাৎক্ষণিক সাংগঠনিক সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জন্যও একটি নীতিগত অবস্থান স্পষ্ট করেছে। এই সিদ্ধান্ত কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়; বরং দলীয় শৃঙ্খলা, জবাবদিহি ও নৈতিকতার প্রশ্নে আপস না করার একটি বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।
Author