
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা বিষয়ে সঠিক ধারণা দিতে রাজধানীতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা। পিংক অক্টোবর ও বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) সংগঠনটির কাওরান বাজারে অবস্থিত নিজস্ব ভবনে চিকিৎসা সহায়তা উপকমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষাবিদ, কূটনীতিক, বিশেষজ্ঞ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজনজুড়ে স্তন ক্যানসার সম্পর্কে সামাজিক সংকোচ ও ভীতি দূর করা, রোগের প্রাথমিক লক্ষণ চেনা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়।
অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সার্জিক্যাল অনকোলজি বিভাগ, ক্যানসার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (সিসিআইএফ) এবং তিশ-ক্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. শাখাওয়াত হাসান জীবন। স্বাগত বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক ডা. সামিয়া মুবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি তোফায়েল খান ও আনোয়ার হোসেন চৌধুরী।
আলোচনায় অংশ নেন বিএমইউর সার্জিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও সহযোগী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক-১ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মিজানুর রহমান এবং আজীবন সদস্য সাংবাদিক আনহার সমশাদ ও শাহাবুদ্দীন শুভ।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সজল, সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, আব্দুল কাইয়ুম সেলিম, তিশ-ক্যানের সভাপতি নুজহাত তারান্নুম, শিক্ষাবিদ অধ্যাপক নাইমা মুয়াজ্জেম, তপতী ভট্টাচার্য, নাসিমা আক্তার, সোনিয়া জামান, হাসমত রেহানা চৌধুরী এবং হেলথ কেয়ারের মোজাম্মেল হকসহ অনেকে।
বক্তারা স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্তন ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ ও অজ্ঞতা দূর করা জরুরি। শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কয়েকজন নারীর স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং করা হয়।
Author