
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে ‘স্পট ইট, স্টপ ইট’ প্রতিপাদ্য সামনে রেখে আজ (২৯ অক্টোবর, বৃহস্পতিবার) র্যালি ও সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। অনুষ্ঠানে স্ট্রোকের লক্ষণ শনাক্ত করার উপায় এবং এ ক্ষেত্রে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. রত্নদীপ চাস্কার এবং এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ। এ ছাড়া আলোচনা পর্বে অংশ নেন এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউরোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও সমন্বয়ক অধ্যাপক ডা. আব্দুল কাদের শেখ; জ্যেষ্ঠ পরামর্শক ডা. খন্দকার মাহবুবর রহমান, ডা. এস. এম. হাসান শাহরিয়ার এবং অধ্যাপক ডা. আনোয়ার ইসরাইল।
স্ট্রোকের চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়। মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে ইস্কেমিক স্ট্রোক হলে উপযুক্ত রোগীর ক্ষেত্রে প্রথম সাড়ে চার ঘণ্টার মধ্যে ক্লট বাস্টার ইনজেকশন প্রয়োগ করতে হয়। কিন্তু সাধারণ মানুষ স্ট্রোকের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে না পারায় চিকিৎসা শুরুতে বিলম্ব হয়। ফলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।
সচেতনতামূলক সেশনে স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। হঠাৎ শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া, হাত-পা অবশ বা নিস্তেজ অনুভূত হওয়া, কথা অস্পষ্ট হয়ে যাওয়া কিংবা মুখ বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে রোগীকে জরুরি বিভাগে নিতে হবে।
এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “স্ট্রোক চিকিৎসায় সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভারকেয়ার হসপিটাল ঢাকায় উন্নত নিউরোলজি ও নিউরোসার্জারি সেবা একই ছাদের নিচে পাওয়া যায়। জরুরি বিভাগ থেকে শুরু করে নিবিড় পরিচর্যা পর্যন্ত আমাদের স্ট্রোক ইউনিট সব সময় রোগীদের সেবা দিতে প্রস্তুত থাকে। তবে এসব প্রস্তুতি তখনই কাজে আসবে, যখন মানুষ সচেতন হবে এবং রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে আসবে।”
এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউরোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও সমন্বয়ক অধ্যাপক ডা. আব্দুল কাদের শেখ বলেন, “স্ট্রোকের চিকিৎসায় হাসপাতালের প্রস্তুতি যেমন জরুরি, তেমনি জরুরি মানুষের সচেতনতা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এভারকেয়ার হসপিটালের লক্ষ্য। বিশ্ব স্ট্রোক দিবসের এই আয়োজনের মাধ্যমে আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা, যাতে তারা স্ট্রোকের লক্ষণ চিনতে পারে এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে।”
এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউরোলজি বিভাগে মস্তিষ্ক, মেরুদণ্ড, প্রান্তীয় স্নায়ু ও মাংসপেশির বিভিন্ন রোগের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় স্ট্রোক-পরবর্তী স্নায়বিক পুনর্বাসনসেবাও পাওয়া যায়।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, সাধারণ মানুষ সচেতন হলে, স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে পারলে এবং রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে এলে অনেকের জীবন বাঁচানো সম্ভব।
Author