
রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালিয়েছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। দেশটির সরকার এ রায়কে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, দেশটির সামরিক সরকারই অন্যায়ের শিকার হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়; এটি ন্যায়সংগত নয়।’
মিয়ানমারের সামরিক সরকারের মিত্র চীনও আইসিজের এই রায়ের সমালোচনা করেছে। এর এক দিন আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের মতো সংস্থাগুলোকে তাদের বিচারিক এখতিয়ারের অপব্যবহার না করার আহ্বান জানিয়েছিল বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এ ধরনের রায় ‘বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক নয়’। তিনি আরও বলেন, ‘এই ইস্যুকে জটিল করে তোলা এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সম্মিলিতভাবে কাজ করা।’
বৃহস্পতিবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দেশটির মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনী গণহারে পুরুষ ও কিশোরদের হত্যা করেছে, রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে কিংবা ধ্বংস করেছে।
আইসিজের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন গণহত্যার অভিযোগের পক্ষে রায় দেন এবং ৬ জন বিপক্ষে অবস্থান নেন। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বিচারকেরা কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে নির্ধারণ করলেন।
আদালতের একজন বিচারক চীনের নাগরিক। তিনি একটি বিষয় ছাড়া বাকি সব ক্ষেত্রেই মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছেন।
নয় বছর আগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর শুরু করা নির্মম অভিযানের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁদের কেউ কেউ মালয়েশিয়াসহ বিভিন্ন দেশেও পালিয়ে যান।
আইসিজের রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমার ক্ষতিপূরণ দিতে বাধ্য। ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। একই সঙ্গে মিয়ানমারের ‘অন্যায় কর্মকাণ্ডের’ কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিনের শরণার্থী সংকট মোকাবিলার অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। শুক্রবার মালয়েশিয়া এ তথ্য জানায়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।
এদিকে মিয়ানমার বর্তমানে বহুমুখী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। দেশটির রাখাইন রাজ্যেও সংঘাত চলছে, যেখানে একসময় অধিকাংশ রোহিঙ্গার বসবাস ছিল।
Author