
যখন ভারতজুড়ে তেলাপোকার আলোচনা, তখন বাংলাদেশে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ‘ফার্মের মুরগি’। এই ‘ফার্মের মুরগি’ এখন শুধু একটি স্লোগান, নাকি এটি রাজনৈতিক প্রতীকে পরিণত হবে—সেটিই দেখার বিষয়।
মঙ্গলবার সারাদিন ঢাকার বাতাসে সবচেয়ে বেশি উচ্চারিত হওয়া শব্দগুলোর একটি ছিল ‘ফার্মের মুরগি’। শিক্ষার্থীদের স্লোগানে, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন আলোচনায় শব্দটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দেশের এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা-সহ সারা দেশে স্লোগান দিয়েছেন—‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি।’
ঠিক দুই বছর আগে, ১৪ জুলাই ২০২৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীরা স্লোগান তুলেছিলেন—‘তুমি কে, আমি কে—রাজাকার, রাজাকার।’
সেদিন শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশে বলেছিলেন, ‘সুবিধা কি মুক্তিযোদ্ধাদের নাতিরা পাবে না, রাজাকারের নাতিরা পাবে?’ ওই একটি মন্তব্যই শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। পরবর্তী সময়ে সেই আন্দোলন ধাপে ধাপে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গড়ায়।
বর্তমান রাজনৈতিক বাস্তবতা হয়তো দুই বছর আগের মতো নয়। তবে এইচএসসি পরীক্ষা, বৈরী আবহাওয়ায় পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের ক্ষোভকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন এই স্লোগান সরকারকে একটি অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলতে পারে।
Author