
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক অফিস সহকারীর বিরুদ্ধে নিয়োগ ও ভর্তি বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং সরকারি প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত করছে।
দুদক সূত্রে জানাযায়, অভিযুক্ত অফিস সহকারী আল মামুন কলেজে দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে নিয়োগ ও ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েন। এ ছাড়া কলেজের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, সম্পদ ও সুযোগ-সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আল মামুন, ২০১২ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে একটি সহকারী পদে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে প্রভাবশালী মহলের সুপারিশ ও অনিয়মের মাধ্যমে পিডি প্রিন্সিপাল পদে পদোন্নতি ভাগিয়ে নেন। তার এই পদোন্নতি ভাগিয়ে নেয়ার ক্ষেত্রে তৎকালীন কলেজ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা রয়েছে।
তর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কলেজের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, বিশেষ করে প্রভাবশালী ও বিত্তশালী অভিভাবকদের কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে ভর্তি বাণিজ্য করে থাকেন। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে ভর্তির ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।
অভিযুক্ত আল মামুন ও তার স্ত্রীর নামে একাধিক ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য নিয়ে যাচাই বাচাই করছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্ত ব্যক্তির একটি ব্যাংক হিসাবে প্রায় ৭০ লাখ টাকা বা তার বেশি এবং তাঁর স্ত্রীর একটি হিসাবে প্রায় ৩৯ লাখ টাকা বা তার বেশি লেনদেনের তথ্য রয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৮ সালের পর হঠাৎ করে বাড়ি নির্মাণ, সম্পত্তি অর্জন এবং বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডের উৎস এসব লেনদেনের সঙ্গে তাঁদের ঘোষিত বৈধ আয়ের সামঞ্জস্য রয়েছে। তাঁদের একাধিক ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড ব্যবহার এবং সম্পদের বিস্তারিত বিষয় নিয়েও দুদক তদন্তে নেমেছে।
এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কলেজে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রেও অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্রে কয়েকজন কর্মচারীর নাম উল্লেখ করে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা তার প্রভাব ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের এলাকার পরিচিত ব্যক্তি, আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠদের নিয়োগের সুযোগ করে দিয়েছেন।
এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় সরকারি চাকরির প্রচলিত নীতিমালা অনুসরণ নিয়েও প্রশ্ন রয়েছে।
দুদকের অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কলেজের পদ-পদবি ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ হাসিলের অভিযোগও রয়েছে। বিশেষ করে জমি, বাড়ি নির্মাণ, ডেভেলপার ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া কলেজের অভ্যন্তরীণ নথিপত্র ও শিক্ষার্থীদের তথ্যের গোপনীয়তা রক্ষা না করা, অনুমোদিত ক্যানটিনের বাইরে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা এবং কলেজের নাম ব্যবহার করে আবাসিক হোটেল পরিচালনার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে আল মামুনের জীবনযাপন, বিদেশ ভ্রমণ এবং ব্যয়বহুল গাড়ি ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
অভিযোগের বিষয়ে আল মামুনের সাথে যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
Author