
হিমালয়ের উত্তরে তিব্বত মালভূমি ও আশপাশের অঞ্চলে প্রচলিত একটি বিশেষ অন্ত্যেষ্টিক্রিয়া প্রথার নাম ‘ঝাতোর’ (Sky Burial)। এ প্রথায় মৃতদেহ পাহাড়ের নির্দিষ্ট স্থানে নিয়ে শকুনসহ অন্যান্য পাখির খাদ্য হিসেবে উৎসর্গ করা হয়। প্রয়োজনে হাড় ভেঙে ছোট করে পাখিদের খাওয়ানো হয়। তিব্বতি বৌদ্ধদের একটি অংশের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে এই প্রথা যুক্ত। তাদের কাছে এটি মৃতদেহের অবমাননা নয়; বরং মৃত্যুর পর দেহকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার একটি আধ্যাত্মিক অনুশীলন।
কিন্তু কোনো সংস্কৃতিতে যা ধর্মীয় বিশ্বাসের অংশ, অন্য সমাজে তা একই অর্থ বহন করে না। বাংলাদেশে মৃতদেহের সৎকার, দাফন এবং শেষ বিদায়ের সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় অনুভূতি, পারিবারিক অধিকার ও মানবিক মর্যাদা। ফলে কোনো মৃত ব্যক্তির মরদেহ দাফন করতে না দেওয়া কিংবা দীর্ঘ সময় অসম্মানজনক অবস্থায় ফেলে রাখার ঘটনা শুধু একটি পরিবারের বেদনার বিষয় নয়; এটি সমাজের নৈতিকতা, রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়বিচারের ধারণাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পাশারীর মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ জনতা তার জন্য খোড়া কবর ভরাট করে দিয়েছে। এবং পরবর্তীতে রাতের আঁধারে তার মেয়েরা মাটি খুঁড়ে তাকে দাফন করার খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এ ঘটনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিটকে দায়ী করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছেন।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার, দণ্ড এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। তার সমর্থকদের কাছে তিনি মজলুম; তারা তার প্রতি অবিচার হয়েছে বলে মনে করেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট থাকা জরুরি—কোনো রাজনৈতিক দলকে পরকালের বিচারের দায়িত্ব দেওয়া হয়নি। পরকালের বিচার সৃষ্টিকর্তার; আর দুনিয়ায় কোনো অন্যায় হয়ে থাকলে তার বিচার হবে আইন, প্রমাণ ও ন্যায়বিচারের ভিত্তিতে।

সাঈদীর প্রতি অন্যায় হয়ে থাকলে তার প্রতিবাদ করার অধিকার মানুষের রয়েছে। তার বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে পর্যালোচনা করা যেতে পারে। কিন্তু সেই ক্ষোভের প্রতিক্রিয়ায় অন্য কোনো ব্যক্তির মরদেহের অবমাননা করা হলে সেটি ন্যায়বিচারের দাবি নয়; বরং ন্যায়বিচারের নীতির সঙ্গেই সাংঘর্ষিক হয়ে দাড়ায়।
একজন মানুষের প্রতি অন্যায় হয়েছে—এই যুক্তিতে অন্য একজন মানুষের মৌলিক মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার কারও জন্মায় না। ন্যায়বিচারের ধারণা ব্যক্তি, দল ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থাকা উচিত।
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ এবং জনতার আবেগ
আমার ধারণা, এ ধরনের ঘটনায় কখনো কখনো কিছু অতিউৎসাহী ব্যক্তি কিংবা আবেগপ্রবণ সমর্থকের ভূমিকা থাকতে পারে। কারা ঘটনাটি ঘটিয়েছেন, কারা সেখানে উপস্থিত ছিলেন, কারও নির্দেশনা ছিল কি না এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল কি না—এসব প্রশ্নের উত্তর সরকারকে খুঁজে বের করতে হবে।
মাওলানা সাঈদীর ফাঁসির রায় এবং তার মৃত্যুর দিনকে ঘিরে জনপরিসরে যে আবেগ, ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, তার সঙ্গে এই ঘটনার বেশ মিল রয়েছে বলেই আমার বিশ্বাস। সাঈদী একজন রাজনৈতিক দলের নেতা হওয়ার বাইরেও একটি স্বতন্ত্র পরিচয়ের অধিকারী ছিলেন। তিনি বিশ্ববরেণ্য মুফাসসির ছিলেন। তিনি ওয়াজের জন্য বাংলাদেশের মানুষের কাছে দলমত-নির্বিশেষে সমাদৃত ছিলেন। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফাঁসির রায়ের দিন সরকারি হিসাবে ১০২ জন সারা দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান। সম্ভবত ইতিহাসের বিরল ঘটনাগুলোর মধ্যে এটি একটি। কোনো এক ব্যক্তির জন্য রাজপথে এত মানুষের জীবন দেওয়ার ঘটনা আর ঘটেনি।
এই বিষয়ে মাওলানা সাঈদির ছেলে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, মানিক পশারীর জানাজা কিংবা দাফন নিয়ে কোন সমস্যা ছিলো না, জনগনের আপত্তি ছিলো ভূয়া মুক্তিযুদ্ধাকে গার্ড আব অনার নিয়ে। তিনি মনে করেন, একজন ভূয়া মুক্তিযুদ্ধাতে গার্ড আব অনার দেয়াটা রাষ্ট্রিয় অবমাননা।
মানিক পাশারীর মরদেহ
এখন মূল প্রশ্নে আসা যাক। মানিক পাশারীর মরদেহ দাফন করতে না দিয়ে দিনের পর দিন ফেলে রাখা হলে, সেটি কি তার প্রতি ন্যায়বিচার হতো?
আমার উত্তর—না।
একজন মৃত মানুষের সঙ্গে কী আচরণ করা হবে, তা তার রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা জীবদ্দশায় তাঁর কর্মকাণ্ডের প্রতি অন্যদের মনোভাব দিয়ে নির্ধারিত হতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার করার জন্য আইন ও রাষ্ট্রের নির্ধারিত ব্যবস্থা রয়েছে।
কিন্তু মৃত্যুর পর তার মরদেহকে কেন্দ্র করে অপমান, প্রতিশোধ কিংবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ তৈরি করা হলে তা সমাজে প্রতিহিংসার সংস্কৃতিকে উৎসাহিত করে।
এখানে একটি মৌলিক নৈতিক প্রশ্ন রয়েছে: আমরা কি ন্যায়বিচার চাই, নাকি প্রতিপক্ষকে অপমানিত দেখতে চাই?
দুটি আকাঙ্ক্ষা এক নয়। ন্যায়বিচার অপরাধের দায় নির্ধারণ করে, ভুক্তভোগীর অধিকার নিশ্চিত করে এবং ভবিষ্যতে অন্যায় প্রতিরোধের পথ তৈরি করে। প্রতিশোধের লক্ষ্য হলো প্রতিপক্ষকে কষ্ট দেওয়া। প্রথমটি রাষ্ট্র ও সমাজকে শক্তিশালী করে; দ্বিতীয়টি সমাজকে আরও বিভক্ত করতে পারে।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটি অন্যায়কে বৈধতা দেওয়া যায় না। একজন মৃত মানুষের মরদেহের মর্যাদা রক্ষা করা মানে তাঁর সব রাজনৈতিক অবস্থান বা কর্মকাণ্ডকে সমর্থন করা নয়। একইভাবে, কাউকে রাজনৈতিকভাবে অপছন্দ করার অর্থ এই নয় যে তাঁর শেষ বিদায়ের অধিকারও কেড়ে নেওয়া যাবে।
বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার ইতিহাস দীর্ঘ। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রবণতা বারবার দেখা গেছে। কিন্তু এই চক্র ভাঙতে না পারলে রাজনৈতিক পরিবর্তন কেবল ক্ষমতার পরিবর্তনেই সীমাবদ্ধ থাকবে; রাষ্ট্র ও সমাজের রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আসবে না।
মাওলানা সাঈদীর প্রতি অন্যায় হয়েছে বলে কেউ মনে করলে তিনি তার প্রতিবাদ করবেন। মানিক পাশারীর মরদেহের অবমাননা হয়ে থাকলে তারও নিরপেক্ষ তদন্ত ও প্রতিকার চাইবেন। একটি দাবির সঙ্গে অন্যটির কোনো বিরোধ নেই। বরং ন্যায়বিচারের প্রকৃত অর্থই হলো—নিজের পছন্দের মানুষ এবং অপছন্দের মানুষ, উভয়ের ক্ষেত্রেই একই নীতি প্রয়োগ করা।
Author