
ফের উত্তপ্ত বাংলাদেশ। সংঘাতমুখর পরিস্থিতি, রাজপথে গার্মেন্টস শ্রমিকরা। এই লেখা যখন এগোচ্ছে, তখনও মিরপুরে সংঘর্ষ চলছে। গেল কয়েক দিনের পরিস্থিতি এমনই। রাস্তা অবরোধ। পোশাক কারখানায় আগুন, পুলিশের গাড়িতে আগুন, অন্যদিকে পুলিশের নির্মম লাঠিপেটা।
এই যখন অবস্থা, তখন সরকার বলছে, আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এই দাবির যথার্থতাও পাওয়া যাচ্ছে। কিন্তু এরই মধ্যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন। কোনো রকম তথ্য-প্রমাণ ছাড়াই জামায়াতের আমিরের তার গ্রেপ্তার দাবি করেছেন তিনি। এমন বক্তব্য পরিস্থিতি আরও নাজুক করবে।
আন্দোলনে যুক্ত বহিরাগত কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা যথার্থ। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে তাদের তৎপরতার গোয়েন্দা তথ্য আগেই ছিল। তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনই কাম্য।
কিন্তু শ্রমিকদের আন্দোলনের গুরুত্বও অনুধাবন করতে হবে। এটা ঠিক যে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। বছরের পর বছর যে তারা নিম্ন মজুরিতে আমাদের অর্থনীতি মেরামত করছেন, এই সত্য স্বীকার করে নিতে হবে। যতটা পারা যায়, তাদের মজুরি বাড়াতে হবে। মানুষ যদি না টিকে, তবে অর্থনীতি দিয়ে কী হবে?
সর্বশেষ যেটা বলতে চাই, আন্দোলনে যুক্ত বহিরাগতদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ যথার্থ। বরং এটা আরও কঠোর হওয়া কাম্য। কিন্তু ষড়যন্ত্রের ধোঁয়া তুলে কোনোভাবেই শ্রমিকদের প্রতিপক্ষ বানানো যাবে না, তাদের গায়ে হাত তোলা যাবে না। তারা আমাদেরই বোন, ভাই, সন্তান।
Author
১২ নভেম্বর, ২০২৬