
বিএনপি ক্ষমতায় এসে সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছে বলে মন্তব্য করেছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি মনে করেন, অযোগ্য, অনভিজ্ঞ দলীয় ব্যক্তিদের দিয়ে সরকার ও দেশ পরিচালনা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার।
গতকাল পলিসি পেপারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারকালে ২০২৫ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বলেন, সরকারের চরম ব্যর্থতার ফল ভোগ করছে দেশের সাধারণ মানুষ। সরকারের কোনো সেক্টর স্বাভাবিক গতিতে চলছে না। একসময়ের আমলাতন্ত্রনির্ভর বিএনপি এখন দলীয় অযোগ্য ব্যক্তিনির্ভর হয়ে পড়েছে। যার ফলে বিভিন্ন সেক্টরের যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে দলীয় কর্মীদের বসিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন জাহিদ।
গুপ্ত রাজনীতির প্রসঙ্গে সাবেক এই শিবির নেতা বলেন, গুপ্ত শব্দটা বিএনপির রাজনীতির তৈরি একটি হাতিয়ার। যেমনটা আওয়ামী লীগ রাজাকার, মুক্তিযুদ্ধ আর ’৭১-কে নিয়ে তৈরি করেছে। তেমনি বিএনপির তৈরি ন্যারেটিভ হলো ‘গুপ্ত’। অথচ বাস্তবতা হলো, গত আওয়ামী লীগের সাড়ে ১৫ বছর বিএনপির সঙ্গে একই কাতারে রাজপথে ছিল জামায়াত-শিবির। বিএনপির মঞ্চের চারপাশে সবসময় জামায়াত-শিবিরের স্লোগানে মুখরিত থাকত সবগুলো সমাবেশ। বেগম জিয়া কখনই জামায়াত-শিবিরকে গুপ্ত বলেননি। অথচ তারা এখন এই ন্যারেটিভ দাঁড় করানোর জন্য উঠে-পড়ে লেগেছে।
’৭১, মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত ইস্যু বলে মন্তব্য করে এই তরুণ নেতৃত্ব বলেন, যুদ্ধ-পরবর্তী রাজাকারদের ছেড়ে দেওয়ার দায় শেখ মুজিবের। শেখ মুজিবকে স্বৈরতান্ত্রিক রাজনীতির প্রবক্তা হিসেবে উল্লেখ করে জাহিদুল ইসলাম, শেখ হাসিনা মুজিবের পথ অনুসরণ করেই ফ্যাসিজম কায়েম করেছিল বাংলাদেশে।
বর্তমান সরকারের ব্যর্থতার প্রসঙ্গে জাহিদ বলেন, বিএনপির ব্যর্থ নেতৃত্বের ফলে সরকারের ছয় মাস অতিক্রম হলেও কোনো বৈদেশিক বিনিয়োগ আসেনি। এই না আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘যখন কোনো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে দুই বছর লাগবে, তখন বিনিয়োগকারী কেন আসবে?’
সরকারের দলীয় নিয়োগ নিয়ে কঠোর সমালোচনা করে জুলাইয়ের এই যোদ্ধা বলেন, জুলাইয়ের স্পিরিটের সঙ্গে বিএনপির এই নগ্ন দলীয় নিয়োগ কোনোভাবেই যায় না। কিন্তু সব উপেক্ষা করে দেশের সবগুলো প্রতিষ্ঠানে দলীয় কর্মীদের বসিয়ে দিয়েছে। যা দীর্ঘ মেয়াদে দেশকে এক চরম ভোগান্তির দিকে নিয়ে যাবে।
যোগ্য লোক জামায়াত-শিবিরও তৈরি করতে পারেনি, সমালোচকদের এমন মন্তব্যের প্রসঙ্গে জাহিদ বলেন, এটা ঠিক নয়। আপনি কাউকে তো কাজের সুযোগ না দিয়ে দূর থেকে বলতে পারেন না যে সে যোগ্য নয়। জামায়াত-শিবির চিকিৎসা, অর্থনীতি, কূটনীতিসহ সবগুলো সেক্টরেই লোক তৈরি করেছে বলেও দৃঢ়তার সঙ্গে বলেন সাবেক এই সভাপতি।

Author