
ঢাকার উত্তরে আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় তখন সকাল ১১টা।
কারখানার প্রতিটি তলায় চলছে কর্মব্যস্ততা। শ্রমিকদের ব্যস্ততায় মুখর পুরো পরিবেশ। শিল্পকারখানায় ব্যবহৃত কাটিং মেশিন দিয়ে ডেনিম কাপড়ের স্তূপ কেটে নির্দিষ্ট মাপের টুকরা তৈরি করা হচ্ছে।
পাশেই শ্রমিকেরা সেসব কাপড় সেলাই করে তৈরি করছেন জিনস, স্কার্ট ও জ্যাকেট।
এরপর কাপড় ধোয়া, ইস্ত্রি করা এবং বোতাম ও চেইন লাগানোর কাজ চলে।
সবশেষে পোশাকে যুক্ত করা হয় বিভিন্ন ব্র্যান্ডের লেবেল। গ্যাপ, আমেরিকান ঈগল ও জেসি পেনির মতো আন্তর্জাতিক ব্র্যান্ড হা-মীম গ্রুপের গুরুত্বপূর্ণ ক্রেতা।
প্রতিষ্ঠানের প্রায় ৯০ হাজার কর্মী সম্মিলিতভাবে প্রতি মাসে ৯৩ লাখ পোশাক তৈরি করেন। উৎপাদন শেষে পোশাকগুলো বাক্সবন্দি করে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।
কিন্তু হঠাৎ করেই কারখানার আলো কয়েকবার কেঁপে ওঠে। মুহূর্তের জন্য কর্মস্থল অন্ধকার হয়ে আসে। এরপর আবার আলো জ্বলে ওঠে। একই সঙ্গে চালু হয়ে যায় ব্রিটিশ প্রযুক্তিতে তৈরি চারটি ডিজেল জেনারেটর। গ্যাসের সরবরাহ দুর্বল হয়ে পড়লেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এসব জেনারেটর।
হা-মীম গ্রুপের বিদ্যুৎ, জ্বালানি ও পরিবেশগত স্থায়িত্ববিষয়ক প্রধান তনুল চক্রবর্তী বলেন, “বাংলাদেশে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ ভালো নয়। প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটে। গ্যাসের পর বাংলাদেশে সবচেয়ে নির্ভরযোগ্য জ্বালানি ডিজেল। গ্রিডের বিদ্যুৎ রয়েছে তৃতীয় অবস্থানে। প্রায় পুরো অর্থনীতিই ডিজেলের ওপর নির্ভর করে চলছে।”
বাংলাদেশের অর্থনীতির আকার যেখানে ৫১০ বিলিয়ন ডলার এবং দক্ষিণ এশিয়ায় ভারতেই কেবল এর চেয়ে বড় অর্থনীতি রয়েছে, সেখানে এমন মন্তব্য বিস্ময়কর। কিন্তু ইউক্রেন ও ইরানের যুদ্ধ বাংলাদেশের জ্বালানিসংকটকে আরও প্রকট করে তুলেছে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বেড়েছে ১৫০ শতাংশ এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। অন্যদিকে, ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সরবরাহের জন্য কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম প্রায় তিন গুণ বেড়েছে।
জ্বালানির এই সংকট বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য বড় ধরনের দুঃসংবাদ। দেশের আনুষ্ঠানিক কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস এই শিল্পে সরাসরি কাজ করেন প্রায় ৪০ লাখ মানুষ। এর পাশাপাশি অসংখ্য মানুষের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। গত বছর তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। হা-মীম গ্রুপ একাই রপ্তানি করেছে প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্য।
তবে জ্বালানিসংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়। বৈশ্বিক দক্ষিণের উন্নয়নশীল দেশগুলো দীর্ঘস্থায়ী জ্বালানিসংকটে ভুগছে। এর সবচেয়ে বেশি চাপ পড়ছে দরিদ্র জনগোষ্ঠীর ওপর।
উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা তেলের ওপর ব্যাপক নির্ভরশীল ফিলিপাইন সরকার জ্বালানি সাশ্রয়ে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সেখানে সপ্তাহে চার দিন কর্মদিবস চালু, সরকারি কর্মকর্তাদের ভ্রমণে বিধিনিষেধ এবং ফ্লাইট বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। নাইজেরিয়ায় ডিজেলের দাম বেড়েছে ৮৬ শতাংশ। তানজানিয়া ও ইথিওপিয়ায় বেড়েছে ৫০ শতাংশের বেশি। এর ফলে কৃষিকাজ, পণ্য পরিবহন এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেড়েছে। সেই সঙ্গে চাল ও ভুট্টার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও বাড়ছে।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল এপ্রিলে সতর্ক করে বলেছিলেন, “যেসব দরিদ্র মানুষ তাঁদের আয়ের সবচেয়ে বড় অংশ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করেন, তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।”
প্রায় চার কোটি মানুষের বসবাসের শহর ঢাকায় সাধারণত জীবনযাত্রা চলে অবিরাম গতিতে। কিন্তু এখন রাতের ঢাকা ক্রমেই অন্ধকার হয়ে উঠছে। জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ায় সরকার ব্যাপকভাবে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। হাসপাতাল ও ফার্মেসির মতো জরুরি সেবাপ্রতিষ্ঠানকে অবশ্য এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।
ব্যস্ত বাণিজ্যিক সড়কগুলোর আলোকসজ্জিত বিলবোর্ডগুলো সূর্যাস্তের কিছুক্ষণ পরই নিভিয়ে দেওয়া হচ্ছে।
দোকানপাটও স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা আগে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও কঠিন। সেখানে সম্প্রতি দিনে সর্বোচ্চ ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হয়েছে বাসিন্দাদের।
সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এখন অনিশ্চয়তার হিসাব-নিকাশে পরিণত হয়েছে। চুলায় রান্না করার মতো গ্যাসের চাপ পাওয়া যাবে কি না, সেই আশায় অনেককে ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠতে হচ্ছে। প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে কতক্ষণ বৈদ্যুতিক পাখা চালানো যাবে, কিংবা গ্যাস স্টেশনে গিয়ে কত দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে—এসব বিষয়ও প্রতিদিনের দুশ্চিন্তার অংশ হয়ে উঠেছে।
ব্যবসা-বাণিজ্য সংকটে পড়ায় আরেকটি আশঙ্কা তৈরি হয়েছে খাদ্যনিরাপত্তা নিয়ে। আন্তর্জাতিক খাদ্য ও পুষ্টি পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর আশঙ্কা, বাংলাদেশের ১ কোটি ৮১ লাখ মানুষ শিগগিরই খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন।
দেশের অভ্যন্তরীণ নীতিগত দুর্বলতা আন্তর্জাতিক সংকটের প্রভাব আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং নিজস্ব গ্যাসক্ষেত্রের উন্নয়নে দীর্ঘদিন পর্যাপ্ত বিনিয়োগ করেনি। ফলে বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক পূরণ করতে মধ্যপ্রাচ্য থেকে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।
জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশের এলএনজি আমদানি ৮৩ শতাংশ কমে যায়। এর প্রধান কারণগুলোর মধ্যে ছিল অবরুদ্ধ হরমুজ প্রণালিকে ঘিরে সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং অগ্নিকাণ্ডের কারণে দেশের দুটি ভাসমান এলএনজি পুনর্গ্যাসীকরণ টার্মিনালের একটির সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়া।
জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় সরকারের ওপর চাপ বাড়াতে গত মাসে বিরোধী দলের হাজার হাজার সমর্থক দীর্ঘ পদযাত্রা করেন। তাঁদের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে জ্বালানিসংকট মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শুরু হয়।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক আবাসিক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, “জ্বালানি এখন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। একই সঙ্গে এটি বিরোধী দলগুলোর আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।”
বৈশ্বিক জ্বালানিসংকটের সঙ্গে ভূরাজনীতির গভীর সম্পর্ক থাকলেও বাংলাদেশের সংকটের পেছনে রয়েছে নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতা।
২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে।
বাংলাদেশ তার মোট বিদ্যুতের প্রায় এক-ষষ্ঠাংশ ভারত থেকে আমদানি করে। কৌশলগত এই নির্ভরশীলতা কূটনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে। একই সময়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে জাতীয় জ্বালানিনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এ পদক্ষেপের একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজস্ব অঞ্চলের বাইরেও বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বাংলাদেশকে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে।
রাশিয়ার জ্বালানিপ্রযুক্তি প্রতিষ্ঠান রোসাটমের নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর বড় অংশ এসেছে মস্কো-সমর্থিত ঋণ থেকে।
প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রুশ ব্যাংকগুলোর সঙ্গে অর্থ লেনদেনে জটিলতা এবং আকাশ ও সমুদ্রপথে পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হওয়াসহ বিভিন্ন কারণে বারবার বিলম্ব হয়েছে।
অবশেষে ১১ অক্টোবর কেন্দ্রটি প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন করেছে। এখন ডিসেম্বরে কেন্দ্রটি চালু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। তবে ঘোষিত ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতায় পৌঁছানোর আগে কয়েক মাস ধরে ধাপে ধাপে পরীক্ষা চালাতে হবে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ‘Sanctioning Russia and Iran Act’ ১৮ অক্টোবর কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে রাশিয়ার জ্বালানি খাতকে সহায়তাকারী ব্যবসাপ্রতিষ্ঠান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। ফলে রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধ এবং পারমাণবিক জ্বালানি কেনার ক্ষেত্রে বাংলাদেশকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ ছাড় অথবা অনুমোদিত অর্থ লেনদেনের ব্যবস্থা নিশ্চিত করতে হতে পারে।
ওয়াশিংটন বাংলাদেশকে জ্বালানি খাতে বিকল্প সহযোগিতার প্রস্তাবও দিচ্ছে।
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই করে। এতে ক্ষুদ্র মডুলার পারমাণবিক চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) নিয়ে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে দুই দেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে। ওই চুক্তির আওতায় আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে ঢাকা।
জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া ও চীন। বেইজিং সফরে দুই দেশ সম্পর্কের ‘নতুন যুগ’ সূচনার ঘোষণা দিয়ে ১৭টি চুক্তি ও অন্যান্য সহযোগিতামূলক দলিলে সই করে। এর মধ্যে একটি চুক্তি ছিল নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতাবিষয়ক।
তবে চুক্তিগুলোর দুটিতে এমন কিছু করপোরেট প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা ছিল, যেগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। টাইমকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, ঢাকা ও বেইজিংয়ের ক্রমবর্ধমান সম্পর্ক ওয়াশিংটনে উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ছাড়া চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়ে বাংলাদেশ উন্নত পর্যায়ের আলোচনা চালাচ্ছে।
বিভিন্ন দিক থেকে চাপের মুখে বাংলাদেশ এখন জ্বালানিতে স্বনির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে। সরকার সম্প্রতি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ চালু করেছে। সৌরবিদ্যুৎ সরঞ্জামের আমদানি শুল্ক ১৭ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। বিশেষ করে ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসহ সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা যুক্ত হয়েছে। তবে পাঁচ বছরের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করতে হলে এই গতিকে ছয় গুণ বাড়াতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গত সপ্তাহে অনুষ্ঠিত ২০২৬ সালের বে অব বেঙ্গল কনভারসেশনের একটি আলোচনায় টাইমকে বলেন, “আমরা জ্বালানির উৎস বহুমুখী করার এবং নতুন নতুন উৎস থেকে জ্বালানি সংগ্রহের বিষয়টি বিবেচনা করছি। পাশাপাশি সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছি, যাতে প্রত্যেক নাগরিক জ্বালানির ক্ষেত্রে স্বনির্ভর হতে পারেন।”
বাড়িঘরের জন্য ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যকর হতে পারে। কিন্তু বিপুল পরিমাণ জ্বালানিনির্ভর শিল্পকারখানার চাহিদা মেটানোর ক্ষেত্রে এর কার্যকারিতা তুলনামূলকভাবে সীমিত।
হা-মীম গ্রুপের কারখানাগুলোর ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা ২৯ দশমিক ২ মেগাওয়াট। এটি দেশের বেসরকারি খাতের অন্যতম বৃহৎ সৌরবিদ্যুৎ স্থাপনাগুলোর একটি। তারপরও তনুল চক্রবর্তী বলেন, সূর্যের আলো সবচেয়ে তীব্র থাকার সময় দিনে আনুমানিক চার ঘণ্টা এই ব্যবস্থা থেকে কার্যকরভাবে বিদ্যুৎ পাওয়া যায়। অথচ কারখানাটি ২৪ ঘণ্টা চালু থাকে।
পরিহাসের বিষয় হলো, জ্বালানিসংকটের মধ্যেও হা-মীম গ্রুপের উৎপাদিত পোশাকের চাহিদা বেড়েছে। গত তিন বছরে জুন পর্যন্ত বাংলাদেশে চার শতাধিক ছোট পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেসব প্রতিষ্ঠানের কিছু ক্রয়াদেশ হা-মীমের হাতে এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া কিছু ক্রেতাও বাংলাদেশের দিকে ঝুঁকেছেন।
কিন্তু উৎপাদন বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে। হা-মীমের দৈনিক জ্বালানি ব্যয় আগে যেখানে প্রায় ২ লাখ ডলার ছিল, তা বেড়ে এখন ৩ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের দাম বাড়াতে রাজি নন। ফলে উৎপাদন দক্ষতা বাড়ানোর চাপ ক্রমেই তীব্র হচ্ছে।
হা-মীম গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল মঈনের কার্যালয়ে একটি কম্পিউটার স্প্রেডশিটে প্রত্যেক কর্মীর ঘণ্টাভিত্তিক উৎপাদন লক্ষ্যমাত্রা সংরক্ষণ করা হয়।
যেসব শ্রমিক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন না, তাঁদের সঙ্গে কথা বলেন ব্যবস্থাপকরা। আবদুল মঈন বলেন, “হয়তো কোনো শ্রমিকের মেশিনে সমস্যা হয়েছিল। অথবা তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।”
এ ধরনের ক্ষেত্রে শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হয়। তবে যাঁরা নিয়মিতভাবে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হন, তাঁদের পরিবর্তে নিয়োগ দেওয়া হয় নতুন কর্মীদের। প্রতিদিন সকালে কারখানার ফটকে জীবনবৃত্তান্ত হাতে চাকরির আশায় বহু আবেদনকারীকে অপেক্ষা করতে দেখা যায়।
আবদুল মঈন বলেন, “আমরা হয়তো কোনো ধরনের জ্বালানিসংকটের মুখোমুখি হয়েছি। কিন্তু সে কারণেই উৎপাদনশীলতার সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।”
উৎপাদন দক্ষতার ওপর আবদুল মঈনের এতটা গুরুত্ব দেওয়ার কারণ স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। উৎপাদন ব্যয় বৃদ্ধি বা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলে ক্রয়াদেশ ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশে চলে যেতে পারে—এমন আশঙ্কা বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের মধ্যে রয়েছে।
তবে শুধু জ্বালানির সরবরাহ নিশ্চিত করাই যথেষ্ট নয়। পশ্চিমা অনেক ব্র্যান্ড জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার দিকে যাওয়ার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। ফলে বিদ্যুৎ কীভাবে উৎপাদিত হচ্ছে, সেটিও এখন আন্তর্জাতিক ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
বিশ্বের অন্যতম প্রধান পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ধরে রাখাই যখন কঠিন হয়ে উঠছে, তখন অর্থনীতির বহুমুখীকরণ আরও বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশের লক্ষ্য হলো ওষুধ ও চামড়াশিল্পের মতো বিদ্যমান খাতগুলোর সম্প্রসারণের পাশাপাশি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম এবং সেমিকন্ডাক্টর উৎপাদনের মতো নতুন শিল্প গড়ে তোলা। কিন্তু এসব খাতে প্রতিযোগিতা তীব্র। আর বিদ্যুৎবিহীন অন্ধকারে বসে বৈঠক করতে হলে গুরুতর বিনিয়োগকারীদের আকৃষ্ট করা কঠিন।
গত মাসে বাংলাদেশ নতুন একটি জ্বালানি রূপরেখা প্রকাশ করেছে। এতে নতুন সৌরবিদ্যুৎ স্থাপন ও কয়লাভিত্তিক প্রকল্পের মাধ্যমে ১২ হাজার ৯৪০ মেগাওয়াট উৎপাদনক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার আধুনিকায়ন এবং দেশের অভ্যন্তরে গ্যাসের সরবরাহ বাড়াতে মোট ৩০০টি নতুন অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩১টি কূপ ইতিমধ্যে খনন করা হয়েছে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আমরা এই পরিকল্পনায় সন্তুষ্ট। আগামী তিন থেকে চার বছরের মধ্যে হয়তো বিদ্যুৎসংকট আর থাকবে না।”
কিন্তু আপাতত বাংলাদেশের পোশাকশ্রমিকসহ বৈশ্বিক দক্ষিণের কোটি কোটি মানুষের সামনে সংকট সহ্য করা ছাড়া খুব বেশি বিকল্প নেই। আন্তর্জাতিক তেলের বাজারে পরিস্থিতির উন্নতির স্পষ্ট লক্ষণও দেখা যাচ্ছে না।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর, শহর ও তেল অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলায় রিয়াদে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে, বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং সৌদি নেতৃত্বাধীন পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।
প্রতিদিন ২২ হাজার তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাতুল্লাহ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, “বর্তমান সরকার কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ না থাকলে পরিস্থিতি অনেক ভালো হতো।”
Author