
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
আলী আফজালের রিটে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
এর আগে ১৪ সেপ্টেম্বর সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩ (১)(খ) ধারা অনুযায়ী তার রিহ্যাব সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হল।
গত ১৮ এপ্রিল রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আফজাল ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তখনকার বিদায়ী সভাপতি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের’ ওয়াহিদুজ্জামান পেয়েছিলেন ১৯৩ ভোট।
Author

৬ অক্টোবর, ২০২৬